| ফাইল ফটো |
করোনার জন্য ২১ মাস বয়স ছাড় দেওয়া হয়েছে সরকারি চাকরিতে। জন প্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। তবে বিসিএস এর জন্য বিশেষ কোনো ছাড় নেই।
বাংলাদেশে চাকরিপ্রার্থীদের জন্য বিসিএস হলো সবচেয়ে আকর্ষণীয়। তাই বিসিএস এ সুবিধার বাহিরে থাকায় তারা হতাশ হয়েছেন। তাদের কথা হলো, এই ২১ মাসের সুবিধা পাবেন গড়ে দুই-তিন ভাগ, কারণ, করোনায় প্রাথমিক থেকে সব পর্যায়ের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ মার্চ যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর পার হয়েছে, তারা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন করতে পারবেন। তাদের বয়সসীমা এই প্রজ্ঞাপনের মাধ্যমে পুননির্ধারণ করা হয়েছে। ফলে তারা ২১ মাস ছাড় পাচ্ছেন। প্রজ্ঞাপনে স্পষ্ট করেই বলা হয়েছে, বিসিএস ব্যতীত।
চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩০ থেকে ৩২ করা হোক। এটা কেউ কেউ ৩৫ করারও দাবি করছেন।
এই দাবি আদায়ে তারা ২১ আগস্ট সংবাদ সম্মেলন ও ২৭ আগস্ট শাহবাগে মহাসমাবেশের কর্মসূচিও দিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করা অক্ষয় কুমার রায় বলেন, “আমার বয়স ৩০ বছর হবে সেপ্টেম্বর মাসে। তাই আমি ২১ মাস নয়, তিন মাসের সুবিধা পাবো। কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে যদি ৩২ করা হয় তাহলে সবাই সমান সুবিধা পেতেন। সরকারের এই সিদ্ধান্তে তাই অধিকাংশই লাভবান হবেন না।”
তিনি বলেন, করোনার সময় শতকরা ১৪ ভাগের মতো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানেও আমরা বঞ্চিত হয়েছি।
এসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, এ বছর বিসিএস-এ বয়সের সুবিধা পাবে না, আগামী বছর পাবে। আমরা এ বছর তো আগেই নিয়োগ পরীক্ষার সার্কুলার দিয়ে ফেলেছি, তাই এই বয়স রেয়াতের সুবিধা দেয়া হয়নি।
তিনি বলেন, এ বছর একটি সার্কুলার তো হয়েছে। বছরের শেষের দিকে আরেকটি হবে, তখন আশা করছি করোনার কারণে বয়সের সুবিধা দেয়া হবে। আমাদের কাছে সরকারের চিঠিটি এখনো আসেনি। আসার পর দেখবো কী করা য়ায়। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

0 মন্তব্যসমূহ